ডেইলি বাংলাগ্রাম

বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

প্রায় দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ আসা শুরু হয়েছে।

বাংলাদেশে ফের বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল

প্রায় দুই মাস বন্ধ থাকার পর নেপাল থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ আসা শুরু হয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে দেশটি থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন ব্যবস্থায় যুক্ত হয়। এর আগে গত ২৭ আগস্ট থেকে এই সরবরাহ ব্যবস্থা বন্ধ ছিল। উভয় দেশের চুক্তি অনুযায়ী বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা রয়েছে।

গত ২৬ আগস্ট নেপালের ভোটেকোশি নদী অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে দুটি জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যাহত হয়। এই দুর্যোগের জেরেই বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো সম্ভব হয়নি। ভারতের ভূখণ্ড ও সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল এই বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করে। এর আগে চলতি বছরের ১৫ জুন নেপাল থেকে প্রথমবার বিদ্যুৎ আমদানি শুরু হয়েছিল।

বর্ষার মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। তবে সাম্প্রতিক বন্যায় উৎপাদন ব্যাহত হওয়ায় তা কমে ৬৫০ মেগাওয়াটে নেমে আসে। এক সময় শীতের মৌসুমে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরশীল থাকলেও নেপাল এখন আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক দেশ হিসেবে নিজেদের তৈরি করছে।