ডেইলি বাংলাগ্রাম

ঈশ্বরগঞ্জে আটক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

ঈশ্বরগঞ্জে আটক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজতে থাকা নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ এলাকায় স্থানীয় বিএনপি, ছাত্রদল ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটান বলে জানা গেছে। ছিনিয়ে নেওয়া নেতার নাম রিয়াজুল আলম ওরফে শাহীন। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে খেলা দেখতে যান রিয়াজুল। গোপন সংবাদের ভিত্তিতে আঠারবাড়ী রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করে। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, হাতকড়া পরানোর আগেই স্থানীয় বিএনপি নেতা স্বপন, মিলন ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী রিয়াজুলকে ছাড়িয়ে নিয়ে যান। রিয়াজুলের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও মাদক আইনে তিনটি মামলা রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে সরিষা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহাম্মদ ওরফে মিলন মিয়া বলেন, তিনি দূরে একটি চায়ের দোকানে ছিলেন এবং রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁর নাম জড়াচ্ছে। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হারুন অর রশিদ স্বপনও অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত শত্রুতার জেরে তাঁকে জড়ানো হচ্ছে। এ বিষয়ে সরিষা ইউনিয়ন বিএনপির আরেক যুগ্ম আহ্বায়ক এমদাদুল্লাহ খান জামান জানান, বিষয়টি নিয়ে তাঁরা থানায় রয়েছেন এবং পরে বিস্তারিত কথা বলবেন।