ডেইলি বাংলাগ্রাম

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট বিক্রিতে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির লন্ডনের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট।

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ২৪৭ কোটি টাকার ফ্ল্যাট বিক্রিতে নিষেধাজ্ঞা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী রনির লন্ডনের একটি ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাজ্যের হাইকোর্ট। দেড় কোটি পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৭ কোটি টাকা মূল্যের এই সম্পত্তির বিষয়ে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) অর্থ পাচার সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে এ আদেশ দেওয়া হয়। সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিদেশে থাকা বিপুল পরিমাণ সম্পদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এনসিএর ভাষ্য অনুযায়ী, আনিসুজ্জামান ফ্ল্যাটটি কেনার অর্থের বৈধ উৎস তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি এর আসল মালিকানা আড়াল করার উদ্দেশ্যে ২০২৫ সালের সেপ্টেম্বরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ার মাত্র এক পাউন্ডে অন্য এক পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। হাইকোর্টের বিচারপতি ক্যারেন স্টেইন জানান, অপরাধের টাকায় এই সম্পত্তি কেনার বিষয়ে যথেষ্ট যুক্তি রয়েছে। তবে আনিসুজ্জামান বেআইনি কাজের অভিযোগ অস্বীকার করেছেন এবং তার আইনজীবীরাও নিষেধাজ্ঞার বিরুদ্ধে কোনো অবস্থান নেননি।

আদালতের নথি থেকে জানা যায়, ১৯৯২ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সাইফুজ্জামান ও তার পরিবারের সদস্যরা ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সম্পদ গড়ে তুলেছিলেন। ২০২৪ সালের আগস্টে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের অভিযোগের ভিত্তিতে এসব সম্পত্তির বিষয়ে তদন্ত শুরু হয়। এর আগে ২০২৫ সালের জুনে সাবেক এই মন্ত্রীর সঙ্গে যুক্ত প্রায় ১৮ কোটি ৫০ লাখ পাউন্ডের সম্পদ জব্দের অনুমতি পেয়েছিল এনসিএ।