আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হয়েছে: হামিদুর রহমান আযাদ
বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
বর্তমান সরকার ফ্যাসিবাদী শক্তির সঙ্গে হাত মিলিয়ে নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১–দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার অভিযোগও তোলেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের দৃশ্যমান বিচার এখনো নিশ্চিত হয়নি। বিএনপি নেতাদের বক্তব্য ও ফাঁস হওয়া ফোনালাপের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বিএনপির ভোটের একটি অংশ আওয়ামী লীগের। তথ্য ফাঁসের ভয় থেকেই বিএনপি এসবের প্রতিবাদ করছে না। তবে ১১ দলের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের অভিযোগকে অসত্য দাবি করে গোয়েন্দা তথ্য প্রকাশের চ্যালেঞ্জ জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি জানান, গত ছয়-সাত মাসে দলীয় কোন্দলে ক্ষমতাসীন দলের ৪০ জন কর্মী নিজ দলের হাতেই খুন হয়েছেন।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপির চেষ্টা হলে মাগুরা উপনির্বাচনের মতো পরিণতি হতে পারে বলে সরকারকে সতর্ক করেন আযাদ। ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর সকাল সাতটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-কুষ্টিয়ামুখী লংমার্চ শুরু হবে। বিভিন্ন পথসভা শেষে কুষ্টিয়া জেলা হাইস্কুল মাঠে এটি শেষ হবে। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মুয়াযযম হোসাইন হেলাল, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ও লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।