ডেইলি বাংলাগ্রাম

কক্সবাজারে তারকা হোটেলে আগুন, নিরাপদে সৈকতে গেলেন ৩০০ পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টসংলগ্ন তারকা হোটেল 'দ্য সি-প্রিন্সেস'-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কক্সবাজারে তারকা হোটেলে আগুন, নিরাপদে সৈকতে গেলেন ৩০০ পর্যটক

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টসংলগ্ন তারকা হোটেল 'দ্য সি-প্রিন্সেস'-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে নয়তলা হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় এই আগুন লাগে। ওই সময় শতাধিক কক্ষে থাকা প্রায় তিন শ পর্যটক দ্রুত বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার বিকেল চারটার দিকে পার্কিং এলাকায় ধোঁয়া দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিকেল চারটা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হোটেল কর্তৃপক্ষের সহায়তায় আগুন নেভায়। আগুনে পার্কিংয়ের জেনারেটরসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে সাত দিন আগে মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টে আগুনে ১০ জনের প্রাণহানি হয়েছিল।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের জানান, নিজস্ব অগ্নিনির্বাপণব্যবস্থা ও কর্মীদের তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে এবং সব পর্যটক নিরাপদে রয়েছেন।