মাদক ও মোবাইল আসক্তি ঠেকাতে খেলাধুলার বিস্তার জরুরি: রাষ্ট্রপতি
তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার ঘটানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রেখে সুস্থ জাতি গঠনে খেলাধুলার প্রসার ঘটানোর ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা তরুণদের মাঝে শৃঙ্খলা, অধ্যবসায় ও আত্মবিশ্বাস জাগিয়ে তোলে এবং তাদের ভুল পথ থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করে।
তৃণমূল পর্যায়ে খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রপতি জানান, সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। এই লক্ষ্যে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স চালু, প্রতিভা অন্বেষণ এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে তিনি মাঠ দখলমুক্ত ও সংরক্ষণের আহ্বান জানান। একই সঙ্গে নারী অ্যাথলেটদের সমান সুযোগ তৈরি এবং বিশ্বমানের ক্রীড়াবিদ গড়তে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা নিয়ে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা এই প্রতিযোগিতায় ৫৭টি দল অংশ নিয়েছে। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস অনুষ্ঠানের মশাল প্রজ্বালন করেন। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন। উদ্বোধনী পর্বের পর রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং বিজয়ীদের মেডেল দেন। এর আগে বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে রাষ্ট্রপতিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামসহ অন্যরা স্বাগত জানান।