জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন পর্যন্ত ১১ দলে থাকবে খেলাফত মজলিস
জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের কর্মসূচিতে থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস।
জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের রাজপথের কর্মসূচিতে থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস। তবে স্থানীয় সরকার নির্বাচনে ইসলামি দলগুলোকে সঙ্গে নিয়ে আলাদা নির্বাচনী বলয় গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে দলটি। শুক্রবার এক সাক্ষাৎকারে দলের এই অবস্থানের কথা স্পষ্ট করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।
তিনি জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে স্থানীয় পর্যায়ের নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জানিয়েছে। একটি রাজনৈতিক দল হিসেবে খেলাফত মজলিসও তাই বসে থাকতে পারে না। স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার কৌশল হিসেবে হেফাজতে ইসলামের উদ্যোগে কওমি ধারার সমমনা সাতটি দল এক হয়েছে। অন্য দলগুলোকে যুক্ত করে এই নির্বাচনী প্ল্যাটফর্ম আরও বড় করার পরিকল্পনা চলছে।
মাওলানা আতাউল্লাহ আমীন জোর দিয়ে বলেন, প্রতিটি দলেরই নিজস্ব সাংগঠনিক কর্মপদ্ধতি ও দৃষ্টিভঙ্গি রয়েছে। তাই জাতীয় পর্যায়ে গণভোট ও জুলাই সনদের মূল দাবিতে ১১ দলের জোটে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে স্থানীয় নির্বাচনে ইসলামি দলগুলোর স্বতন্ত্র ঐক্য গড়ার কাজ চলবে।