ডেইলি বাংলাগ্রাম

হেবরনে দুই সেনা নিহত: পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে বন্দুকযুদ্ধে দুই ইসরায়েলি সেনা ও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হেবরনে দুই সেনা নিহত: পশ্চিম তীরে বড় অভিযানের নির্দেশ নেতানিয়াহুর

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে বন্দুকযুদ্ধে দুই ইসরায়েলি সেনা ও দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই ঘটনার পর সেখানে অত্যন্ত ব্যাপক পরিসরে সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবারের এই সংঘর্ষে আরও তিনজন ইসরায়েলি আহত হন। ঘটনার পরপরই হেবরন শহর ঘিরে ফেলার এবং পুরো পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ জারি করে নেতানিয়াহুর কার্যালয়।

হামলার পর নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন নেতানিয়াহু। পরে হেবরন পরিদর্শন করে তিনি জানান, সেনারা হামলাকারীদের এলাকায় গিয়ে বাসিন্দাদের সরিয়ে দেবে এবং বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দেবে। এই অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন স্থাপনা ধ্বংসের কথাও জানান তিনি। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরেও গাজা ও লেবাননের মতো সর্বাত্মক অভিযান চালিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন।

আগামী মঙ্গলবার ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, নির্বাচনের আগে নিজেদের অবস্থান শক্তিশালী করতে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের ওপর আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে সহিংসতা অনেক বেড়েছে। সেখানে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় এ পর্যন্ত ১ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।