ইউক্রেনের ওলেশকিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা মেলানিয়া ট্রাম্পের
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওলেশকিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই সমঝোতার কথা ঘোষণা করেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর থেকে স্থানীয় এই যুদ্ধবিরতি কার্যকর হবে। মূলত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং আগ্রহী বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পথ সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
যুদ্ধবিরতির শর্ত চূড়ান্ত করতে মেলানিয়া ট্রাম্প ও তাঁর প্রতিনিধি সরাসরি রাশিয়া এবং ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। চুক্তি অনুযায়ী, দুই দেশের বেসামরিক প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় বাসিন্দাদের চাহিদা ও প্রয়োজনীয়তা যাচাই করবেন। যাঁরা শহর ছাড়তে চান, তাঁদের ইচ্ছা অনুযায়ী রাশিয়া অথবা ইউক্রেনের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য পরিবহন সুবিধা দেওয়া হবে। পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত ও নথিভুক্ত করতে একটি আমেরিকান সংবাদমাধ্যম প্রতিনিধিদলের সঙ্গে থাকবে।
যুদ্ধকবলিত ওলেশকিতে বর্তমানে প্রায় ৫০ জন শিশুসহ ১,৭০০ থেকে ২,০০০ বাসিন্দা অবস্থান করছেন। সেখানে নিয়মিত হামলা, মাইনে ঢাকা সড়ক এবং বিদ্যুৎ সংকটের কারণে চরম মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসা সংকটে থাকা অবশিষ্ট জনসংখ্যার বেশিরভাগই বয়স্ক। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সময় নিউইয়র্কে এক অনুষ্ঠানের ফাঁকে বিষয়টি মেলানিয়া ট্রাম্পের নজরে আসে, যার প্রেক্ষিতে তিনি এই সমঝোতায় মধ্যস্থতা করেন।