ডেইলি বাংলাগ্রাম

ইরানে নতুন মার্কিন হামলার শঙ্কা: ২০২২ সালের পর সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ইরানে যুক্তরাষ্ট্রের পুনরায় সামরিক হামলা চালানোর আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

ইরানে নতুন মার্কিন হামলার শঙ্কা: ২০২২ সালের পর সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

ইরানে যুক্তরাষ্ট্রের পুনরায় সামরিক হামলা চালানোর আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭ শতাংশ বা ৩ দশমিক শূন্য ৬ ডলার বেড়ে ১১৬ দশমিক ২০ ডলারে দাঁড়ায়, যা যুদ্ধ শুরুর সময়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ডব্লিউটিআই তেলের দাম ৩ দশমিক শূন্য ৪ শতাংশ বা ৩ দশমিক শূন্য ২ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ৫০ ডলারে ওঠে, যা গত পাঁচ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।

চলতি সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ এবং ডব্লিউটিআই তেলের দাম বেড়েছে প্রায় ৩ শতাংশ। এর ফলে টানা তৃতীয় সপ্তাহের মতো জ্বালানি তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহগুলোতে ওয়াশিংটন ইরানে আবারও হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই জ্বালানি তেলের বাজার চড়াও হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার জানান, যুক্তরাষ্ট্র ইরানে আরও হামলার বিষয়টি বিবেচনা করছে। এছাড়া দেশটির মধ্যবর্তী নির্বাচনের পর নতুন করে হামলা চালানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তারা পরিকল্পনা চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের টানা হামলার কারণে জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরব থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরে আসার নির্দেশ দিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। পরে যুদ্ধবিরতি এবং শান্তি চুক্তির স্মারক হওয়া সত্ত্বেও হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে মতবিরোধের কারণে সংকটটির এখনো চূড়ান্ত সমাধান হয়নি।