ডেইলি বাংলাগ্রাম

আঞ্চলিক সংকট নিরসনে ইস্তাম্বুলে বসছে আট দেশ: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক সংঘাতের সমাধান খুঁজতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আটটি প্রভাবশালী দেশকে নিয়ে ইস্তাম্বুলে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আঞ্চলিক সংকট নিরসনে ইস্তাম্বুলে বসছে আট দেশ: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক সংঘাতের সমাধান খুঁজতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আটটি প্রভাবশালী দেশকে নিয়ে ইস্তাম্বুলে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল এই বৈঠকের কথা জানান। জার্মানি ও তুরস্কের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে হরমুজ প্রণালী, বাব আল-মান্দাব এবং কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ইউরোপের চারটি দেশ—জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইতালি এবং এই অঞ্চলের চার অংশীদার মিসর, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা তৈরির বিরুদ্ধে একজোট হয়েছে বলে জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, ইরান ও হুথি বিদ্রোহীদের আন্তর্জাতিক জ্বালানি এবং সার সরবরাহকে জিম্মি করার পদক্ষেপ মেনে নেওয়া হবে না। সামুদ্রিক রুটে হামলার প্রভাব ইউরোপের বাজার এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় পড়ছে বলেও তিনি সতর্ক করেন। এছাড়া কৃষ্ণসাগরে শস্যবাহী জাহাজে হামলার মাধ্যমে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করার জন্য তিনি রাশিয়াকে দায়ী করেন। এই ধরনের হামলার ফলে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর পাশাপাশি প্রধান গম প্রক্রিয়াজাতকারী দেশ হিসেবে তুরস্কও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২০২৬ সালের জুলাই থেকে বন্দর ও বেসামরিক জাহাজে ধারাবাহিক হামলার কারণে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। অথচ এই পথ দিয়ে আগে বিশ্ব বাণিজ্যের প্রায় ৩০ শতাংশ গম সরবরাহ করা হতো। বর্তমান পরিস্থিতিতে বিকল্প পথগুলো এই ঘাটতি মেটাতে পারছে না। বিশ্বের মোট সমুদ্র বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পরিচালিত হয় বাব আল-মান্দাব প্রণালী দিয়ে। অন্যদিকে বিশ্বের মোট জ্বালানি তেল ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে।