আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে ইস্তাম্বুলে ‘আরফোর’ বৈঠক শুরু
তুরস্কের ইস্তাম্বুল শহরে চার দেশীয় জোট ‘আরফোর’-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে।
তুরস্কের ইস্তাম্বুল শহরে চার দেশীয় জোট ‘আরফোর’-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে যোগ দিয়েছে তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরব। মূলত আঞ্চলিক মালিকানার ভিত্তিতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা রক্ষা এবং পারস্পরিক সংলাপ জোরদার করার লক্ষ্যে এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়।
বৈঠকে হাকান ফিদান বলেন, আঞ্চলিক নিরাপত্তার মূল দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোকেই নিতে হবে। বিদ্যমান সংঘাত যেন নতুন কোনো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে তিনি গুরুত্ব দেন। একই সাথে তিনি মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রধান কারণ হিসেবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং প্রতিবেশী দেশগুলোতে দেশটির আগ্রাসনকে দায়ী করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধ প্রসঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, সামরিক পদক্ষেপে কোনো স্থায়ী সমাধান হবে না, বরং কূটনীতিই একমাত্র পথ। এছাড়া সৌদি আরবের বেসামরিক অবকাঠামোতে সাম্প্রতিক হুথি হামলার প্রেক্ষিতে দেশটির নিরাপত্তার প্রতি তুরস্কের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। গত আগস্টে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গঠিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’-এর গুরুত্বও এ সময় তুলে ধরা হয়।