ডেইলি বাংলাগ্রাম

ঠাকুরগাঁও উপনির্বাচনে সবার সমান সুযোগ নেই: ১১ দলীয় জোট প্রার্থীর অভিযোগ

ঠাকুরগাঁও উপনির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনে সবার সমান সুযোগ নেই: ১১ দলীয় জোট প্রার্থীর অভিযোগ

ঠাকুরগাঁও উপনির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে অভিযোগ তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, অতীতের দলীয় সরকারের নির্বাচন নিয়ে মানুষের তিক্ত অভিজ্ঞতা আছে। এবার এই উপনির্বাচনটির দিকে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ তাকিয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও নির্বাচনী ময়দানে নিরপেক্ষ পরিবেশ তৈরি করা হয়নি।

নির্বাচনী প্রচারে বাধা, ব্যানার-ফেস্টুন ভাঙচুর এবং কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন দেলাওয়ার হোসেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর সভাস্থলের চারপাশে বিএনপির পোস্টার-ব্যানার সাঁটানোর কথাও তিনি উল্লেখ করেন। তাঁর দাবি, প্রশাসনের কাছে দফায় দফায় অভিযোগ দেওয়া হলেও প্রতিকার মেলেনি। কর্তৃপক্ষ কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই অবস্থা চলতে থাকলে ভোটগ্রহণ ‘মাগুরা মার্কা’ নির্বাচনে রূপ নিতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

ভোটের দিনও প্রশাসনের এমন নির্লিপ্ত আচরণ থাকলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন এই প্রার্থী। এদিকে আগামীকাল ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ প্রাঙ্গণে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।