ছেলের চুরির জরিমানা দিয়ে নিঃস্ব বাবা, মাদকাসক্ত কিশোরকে পুনর্বাসনে পাঠাল পুলিশ
রংপুরের বদরগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরি করতে গিয়ে ধরা পড়া ১৫ বছরের এক মাদকাসক্ত কিশোরকে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠিয়েছে পুলিশ।
রংপুরের বদরগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরি করতে গিয়ে ধরা পড়া ১৫ বছরের এক মাদকাসক্ত কিশোরকে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার সকালে বদরগঞ্জ হাটের হক সাহেবের মোড় এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে চুরির অভিযোগে আটক করে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। দুপুরে থানায় এসে কান্নায় ভেঙে পড়েন কিশোরের মা-বাবা। তাঁরা জানান, ছেলের চুরির ঘটনার বিচার ও জরিমানা মেটাতে গিয়ে তাঁদের শেষ সম্বল দুটি গরু ও দুটি ছাগলও বিক্রি করতে হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে সমছের আলী নামের এক চালক রিকশায় চাবি রেখে চা খেতে যান। সেই সুযোগে কিশোরটি রিকশাটি নিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক চিৎকার দেন। তখন আশপাশের লোকজন তাকে ধরে ফেলে। কিশোরের বাবা জানান, মাদ্রাসাপড়ুয়া ছোট ছেলেটি গত দুই বছরে গ্রামের বখাটেদের সঙ্গে মিশে গাঁজা ও ইয়াবায় আসক্ত হয়ে পড়ে। এরপর থেকেই সে চুরির সঙ্গে জড়িয়ে যায়। তাঁর বড় ছেলে ফেনীর একটি বেসরকারি কারখানায় চাকরি করেন।
ছেলের চিকিৎসার বিষয়ে অসহায় মা-বাবার আকুতি শুনে মানবিক পদক্ষেপ নেন বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জাহিদ সরকার। শিশু আইনের সুবিধা দিয়ে তিনি কিশোরটিকে চিকিৎসার জন্য রংপুর নগরের আইডিয়াল মোড়ে অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠান। সেখানে তার বিনা মূল্যে চিকিৎসা করানো হবে। একই সঙ্গে ওই এলাকায় মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ।