ডেইলি বাংলাগ্রাম

পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

পুলিশের যানবাহন সংকট দূর করতে এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদারে ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পুলিশের জন্য ৫,৮৩০টি গাড়ি কিনতে ৬৬০৮ কোটি টাকার প্রকল্প প্রস্তাব

পুলিশের যানবাহন সংকট দূর করতে এবং আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম জোরদারে ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য মোট ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত দুটি প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে। কমিটির চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করবেন। সরকারের নিজস্ব অর্থায়নে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুন মেয়াদে প্রকল্প দুটি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যান কিনতে ৪ হাজার ৩২৮ কোটি এবং ১ হাজার ১টি বিশেষায়িত যান ক্রয়ে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয় হবে। বর্তমানে দেশের ৬৩৯টি থানায় প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় সেবার জন্য রয়েছে মাত্র ১ হাজার ২৩৭টি যান। প্রতিটি থানায় গড়ে দুটি গাড়িও নেই এবং প্রায় ৬৪ শতাংশ যানবাহনই ১০ বছরের বেশি পুরোনো। সংকট কাটাতে সাধারণ টহল গাড়ির পাশাপাশি দাঙ্গা নিয়ন্ত্রণ, দুর্গম এলাকা ও তদন্তের বিশেষায়িত ভ্যান এবং নদীপথের জন্য স্পিডবোট ও দেশীয় নৌকা কেনার পরিকল্পনা রয়েছে।

অর্থবছরভিত্তিক ব্যয়ের মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে ২,০৮০.৯৪ কোটি, ২০২৭-২৮ অর্থবছরে ২,৮৬৭.৫৫ কোটি এবং ২০২৮-২৯ অর্থবছরে ১,৬৬০.৫৮ কোটি টাকা ধার্য করা হয়েছে। ‘হকস বে’ পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষায় প্রকল্প দুটির ব্যয়-সুবিধা অনুপাত ধরা হয়েছে ১.০৫। চালক ও মেকানিকদের প্রশিক্ষণের পাশাপাশি মেরামত সরঞ্জামের জন্য দেড় কোটি টাকা রাখা হয়েছে। গত ১৫ অক্টোবর প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বিদেশি প্রশিক্ষণ বাদ দিয়ে প্রস্তাবটি সংশোধন করা হয়। একনেকের চূড়ান্ত অনুমোদন পেলেই প্রকল্প দুটির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হবে।