ইসরায়েলের কারাগারে কাপড় ও কম্বল ছাড়া তীব্র শীতে কাটছে ৯,৪০০ ফিলিস্তিনির
ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় ৯ হাজার ৪০০ ফিলিস্তিনি শীতের শুরুতে চরম মানবিক সংকটের মুখে পড়েছেন।
ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় ৯ হাজার ৪০০ ফিলিস্তিনি শীতের শুরুতে চরম মানবিক সংকটের মুখে পড়েছেন। সেখানে বন্দিদের প্রয়োজনীয় পোশাক, শীতের কম্বল এবং উষ্ণতার সুবিধা থেকে বঞ্চিত রাখা হচ্ছে। ফিলিস্তিন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজ জানিয়েছে, বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্রে বন্দিদের জীবনযাপন এবং স্বাস্থ্য পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
সংস্থাটির পরিচালক রিয়াদ আল-আশকার জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে বন্দিদের কাপড় ও কম্বল পাওয়া বন্ধ করে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। বন্দিদের সঙ্গে দেখা করার সুযোগ স্থগিত করা হয়েছে এবং প্রয়োজনীয় জিনিস কেনার ক্যান্টিনগুলোও বন্ধ রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটিসহ (আইসিআরসি) কোনো আন্তর্জাতিক সংস্থাকে ভেতরে কাপড় পাঠাতে দেওয়া হচ্ছে না। এমনকি দিনের বেলায় বন্দিদের কক্ষ থেকে তোশক ও থাকা কম্বলগুলোও সরিয়ে নেওয়া হচ্ছে।
ধোয়ার বা পরিবর্তনের সুযোগ না থাকায় বন্দিরা একই পোশাক ও কম্বল দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। প্রয়োজনীয় চিকিৎসার অভাব থাকায় এর ফলে তাদের মধ্যে খোসপাঁচড়াসহ বিভিন্ন ধরনের চর্মরোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে।