সুদানের কোনো বিভাজন মেনে নেবে না মিসর: পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি
সুদানের কোনো ধরনের বিভাজন বা খণ্ডবিখণ্ড হওয়া মিসর কখনোই মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি।
সুদানের কোনো ধরনের বিভাজন বা খণ্ডবিখণ্ড হওয়া মিসর কখনোই মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। সুদানের সংকট নিরসনে কায়রোর দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি এই মন্তব্য করেন। ‘ইজিপ্ট ফোরাম ২০২৬’-এর তৃতীয় দিনে বুধবার ‘হোমল্যান্ড অ্যান্ড সিটিজেন সিকিউরিটি’ শীর্ষক এক উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই হুঁশিয়ারি দেন।
মিসরের সীমান্তবর্তী নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনার অংশ হিসেবে সুদানের পরিস্থিতি তুলে ধরেন আবদেলাতি। তিনি জানান, সুদানের চলমান সংকট সরাসরি মিসরের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এবং দেশটি মিসরের দক্ষিণাঞ্চলের কৌশলগত ঢাল। তিনি জাতীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে কোনো সমান্তরাল কর্তৃপক্ষ বা সশস্ত্র মিলিশিয়া গড়ে তোলার চেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কারণে সুদানকে মিসরের সবচেয়ে ঘনিষ্ঠ দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।
বদর আবদেলাতি আরও জানান, বিদেশি হস্তক্ষেপ এবং মিলিশিয়াদের হাতে অস্ত্র পৌঁছানোই এই সংঘাতকে আরও উসকে দিচ্ছে। এর ফলে সেখানে রাজনৈতিক সমাধানের পথ বাধাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে এই দীর্ঘস্থায়ী যুদ্ধ সুদানের জনগণের সব সম্পদ নিঃশেষ করে দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।