ডেইলি বাংলাগ্রাম

পিএসসি সদস্যদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

পিএসসি সদস্যদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি দাবি করেন, অতীত সরকারের মতো বর্তমান প্রশাসনও নব্য ফ্যাসিবাদের পথে হেঁটে মেধা ধ্বংস করছে। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে এবং নির্বাচন কমিশনে শামসুল আলমের নিয়োগ এর বড় প্রমাণ।

হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই গণহত্যার বিচার, দ্রব্যমূল্য হ্রাস, জ্বালানি সংকট নিরসন এবং দুর্নীতি ও দখলদারিত্ব বন্ধের দাবিতে তারা মাঠে রয়েছেন। এ ছাড়া আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা প্রকাশ করেন তিনি। সেখানে ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে জোয়ার তৈরি হয়েছে দাবি করে তিনি বলেন, মাগুরা নির্বাচনের মতো কোনো অশুভ পরিকল্পনা করা হলে সরকার টিকতে পারবে না।

বৈঠক থেকে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চের বিস্তারিত সূচি জানানো হয়। ওই দিন সকাল ৭টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লংমার্চটি পদ্মা সেতু, শরীয়তপুর, বাগেরহাট, খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে শেষ হবে। বৈঠকে এনসিপি, জামায়াত, খেলাফত মজলিসসহ জোটভুক্ত ১১টি দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।