মাগুরায় মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে দুজনের মৃত্যু
মাগুরায় মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
মাগুরায় মদ খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত এবং আজ শুক্রবার সকালে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মারা যাওয়া দুজন হলেন শ্রীপুর উপজেলার মোকর্দমখোলা গ্রামের আলমগীর লস্কর (৪০) এবং একই উপজেলার গয়েশপুর ইউনিয়নের মালদা গ্রামের বিধান বিশ্বাস (২২)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিজয়া দশমীর রাতে দুজনই আলাদা জায়গায় বন্ধুদের সঙ্গে মদ্যপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে আলমগীরকে বন্ধুরা বাড়ি পৌঁছে দেন। আজ সকাল সাতটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে বিধান অসুস্থ হয়ে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন। পরে রাত সাড়ে তিনটার দিকে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ জানান, রাতে মারা যাওয়া তরুণের শরীরে অ্যালকোহলের বিষক্রিয়া পাওয়া গেছে। তবে সকালে মারা যাওয়া ব্যক্তির মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওলি মিয়া জানান, অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে দুজন মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ কাজ করছে।