ডেইলি বাংলাগ্রাম

আসামে মুসলিম বসতি উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

ভারতের আসামে বাঙালি মুসলিমদের বসতবাড়ি উচ্ছেদ এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

আসামে মুসলিম বসতি উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় ওলামা অ্যালায়েন্সের নিন্দা

ভারতের আসামে বাঙালি মুসলিমদের বসতবাড়ি উচ্ছেদ এবং মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী এবং সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এই প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ ঘটনার নিরপেক্ষ তদন্তের জোর দাবি তোলেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের দীর্ঘদিনের বসবাসের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের পুনর্বাসনের আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, ভারতে বর্তমানে মুসলিমদের নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা হুমকির মুখে রয়েছে। আসামের এই অভিযানকে ১৯৯২ সালের বাবরি মসজিদ ভাঙার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন তিনি। অন্যদিকে মাওলানা সানাউল্লাহ খান জানান, সরকার একে জমি উদ্ধারের প্রশাসনিক পদক্ষেপ দাবি করলেও বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন। একই সঙ্গে ধ্বংস করা মসজিদগুলোর বিষয়ে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার দাবি জানান তিনি।

সংগঠনটি আরও জানায়, কেবল ধর্মের কারণে নির্দিষ্ট জনগোষ্ঠীকে অনিরাপদ করে তোলা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। ভারতের কেন্দ্রীয় সরকার মুসলিম নাগরিকদের সাংবিধানিক নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে তারা মন্তব্য করে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আসামের পরিস্থিতি পর্যবেক্ষণে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে ওলামা অ্যালায়েন্স।