সাজেকে গোলাগুলির ঘটনার পর প্রায় তিন হাজার পর্যটক উদ্ধার
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গোলাগুলির মুখে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
রাঙামাটির সাজেকে সড়ক অবরোধ ও গোলাগুলির মুখে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার সকালে সাজেক-বাঘাইহাট সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে এই বিপুলসংখ্যক পর্যটক আটকা পড়েন। পরবর্তীতে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় তাঁদের খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গঙ্গারাম বাজার এলাকায় সড়ক অবরোধ করা হলে যান চলাচল থমকে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে সকাল সাড়ে ১০টার দিকে তাদের ও পর্যটকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জের পর বেলা ১১টার দিকে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সেনাবাহিনীর টহল দল পাল্টা গুলি চালালে অস্ত্রধারীরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
এই সংঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তথ্যের বরাতে আইএসপিআর জানায়, পার্বত্য অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ইউপিডিএফের একটি সশস্ত্র অংশ পর্যটন এলাকায় অবস্থান নিয়েছিল। তবে বিজ্ঞপ্তিতে তাদের কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি। পাহাড়ে সম্প্রীতি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে যৌথ কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।