ডেইলি বাংলাগ্রাম

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন

ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন

ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাই নির্বাচনে কেবল বিত্তবানেরা নয়, বরং সমাজে গ্রহণযোগ্য সাধারণ মানুষও যাতে অংশ নিতে পারেন, নির্বাচন কমিশনকে সেই পথ তৈরি করতে হবে।

নির্বাচনি কাঠামোর আমূল পরিবর্তনের তাগিদ দিয়ে স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ শাসনামলে এমন পরিস্থিতি ছিল যে সৎ, নিরপেক্ষ ও ভালো মানুষের ভোটে দাঁড়ানোর সুযোগ ছিল না। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি মন্তব্য করেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

ভোলার প্রাকৃতিক সম্পদের বিষয়ে স্পিকার জানান, এই জেলায় সারা দেশের বর্তমান মজুতের সমপরিমাণ গ্যাস রয়েছে এবং ভবিষ্যতে আরও পাওয়ার আশা রয়েছে। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার হওয়ায় বিষয়টি নিয়ে তিনি জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। উল্লেখ্য, নিজ এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফর শেষ করে বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন।