সুন্দরবন পরিদর্শন শেষে মোংলা নৌঘাঁটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নলিয়ান এলাকা পরিদর্শন শেষে মোংলার বানৌজা নৌঘাঁটিতে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দরবনের হিরণ পয়েন্ট ও নলিয়ান এলাকা পরিদর্শন শেষে মোংলার বানৌজা নৌঘাঁটিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে নৌপথে তিনি সেখানে যান। উপকূলীয় অঞ্চলের সার্বিক উন্নয়ন, সুন্দরবন সুরক্ষা এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁর এই সফর। দায়িত্ব গ্রহণের পর উপকূলীয় এলাকায় এটিই তাঁর প্রথম সফর।
বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর এই সফর শুরু হয়। তিনি আকাশ থেকে সুন্দরবনের উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ করেন। সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপে পৌঁছানোর পর নৌযানে করে তিনি মোংলায় যান। নৌঘাঁটিতে মধ্যাহ্নবিরতির পর স্থানীয় প্রশাসন ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর বিকেল পৌনে তিনটার দিকে তিনি মোংলা বন্দরের জেটি ও অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন।
এই সফরে মোংলা বন্দরের আধুনিকায়ন, নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ, পণ্য ওঠানামা ব্যবস্থা এবং পশুর চ্যানেলের খনন কাজ পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের জায়গাও ঘুরে দেখবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে উন্নয়ন ও কর্মসংস্থানের ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলেই তাঁর হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে।