ডেইলি বাংলাগ্রাম

পিআইএফ-এ ইসরায়েলের অন্তর্ভুক্তি নিয়ে নিউজিল্যান্ডে বিরোধী দলের প্রশ্ন

প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের (পিআইএফ) সহযোগী রাষ্ট্র হিসেবে ইসরায়েলের যুক্ত হওয়ার ঘটনায় নিউজিল্যান্ড সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি।

পিআইএফ-এ ইসরায়েলের অন্তর্ভুক্তি নিয়ে নিউজিল্যান্ডে বিরোধী দলের প্রশ্ন

প্যাসিফিক আইল্যান্ডস ফোরামের (পিআইএফ) সহযোগী রাষ্ট্র হিসেবে ইসরায়েলের যুক্ত হওয়ার ঘটনায় নিউজিল্যান্ড সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টি। গত মাসে পালাউয়ে অনুষ্ঠিত পিআইএফ শীর্ষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোটের মহাসচিব ব্যারন দিভাভেসি ওয়াকা দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’রকে জোটে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজিল্যান্ডের লেবার পার্টির পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র ভানুশি ওয়াল্টার্স জানান, তারা ক্ষমতায় থাকলে এই সিদ্ধান্তের বিরোধিতা করতেন। এর আগে এক নির্বাচনী বিতর্কে লেবার নেতা ক্রিস হিপকিন্স বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউজিল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা উচিত। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনও তখন একই অবস্থানের কথা জানিয়েছিলেন। সেই প্রসঙ্গ টেনে ওয়াল্টার্স জানতে চান, পিআইএফ-এ ইসরায়েলের যুক্ত হওয়া ঠেকাতে লুকসনের সরকার কী পদক্ষেপ নিয়েছিল। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী বছর দেশটিতে পরবর্তী পিআইএফ সম্মেলন আয়োজনের কথা রয়েছে।

এর আগে গত জুনে ফিজি সফরের সময় ১৮ সদস্যের এই জোটে সহযোগী হিসেবে যুক্ত হতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানান পররাষ্ট্রমন্ত্রী সা’র। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই অংশীদারত্বের মাধ্যমে পানি ব্যবস্থাপনা, কৃষি ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে। সম্প্রতি ফিজির রাজধানী সুভায় পিআইএফ সচিবালয়ে জোটটির মহাসচিব ব্যারন দিভাভেসি ওয়াকার সঙ্গে ইসরায়েলের রাষ্ট্রদূত মায়া ইয়ারন এবং দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা মাশাভ-এর প্রধান এইনাত শ্লাইন একটি বৈঠকও সম্পন্ন করেছেন।