ইউক্রেনে স্টারলিংকের পূর্ণাঙ্গ সেবা চালুর আহ্বান ইউরোপীয় কমিশনের
ইউক্রেনে অবিলম্বে স্টারলিংকের পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।
ইউক্রেনে অবিলম্বে স্টারলিংকের পূর্ণাঙ্গ ইন্টারনেট সেবা ফিরিয়ে দেওয়ার জন্য মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। সম্প্রতি ইউক্রেনে এই সেবার গতি কমিয়ে দেওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র টমাস রেনিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইউক্রেনের সেনা যোগাযোগ রক্ষা, নাগরিকদের সুরক্ষা এবং ভূখণ্ড প্রতিরক্ষায় ড্রোন পরিচালনার জন্য নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, চলমান যুদ্ধ ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে মহাকাশ সক্ষমতার গুরুত্ব প্রমাণ করেছে এবং এ খাতে ইউরোপের নিজেদের আরও শক্তিশালী হতে হবে।
বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী, গত ১৪ অক্টোবর ইউক্রেনে কিছু স্টারলিংক সেবায় বিধিনিষেধ আরোপ করে স্পেসএক্স। এর ফলে দেশটির সামরিক ড্রোন কার্যক্রম ও সার্বিক যোগাযোগে বিঘ্ন ঘটে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইন্টারনেট সংযোগ গ্রহণকারী টার্মিনালগুলো ঘণ্টায় ১৬০ কিলোমিটার বা ৯৯ মাইলের বেশি গতিতে চললে সংযোগ বিচ্ছিন্ন হয়ে ড্রোন মিশন ব্যাহত হচ্ছে।