সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার, শনাক্ত ৭
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ (২৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ (২৩) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে একটি বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে এই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখানো হলো। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত হিসেবে সাতজনের নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাঁদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।
গ্রেপ্তার আশিকুর দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়ার শাহিন মিয়ার ছেলে। তিনি এলাকায় ‘শুটার’ শামীম নামে পরিচিত শামীম আহমেদের চাচাতো বোনের ছেলে এবং তাঁর সহযোগী। এর আগে গত শনিবার রাত একটার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে সাজিবুল ইসলাম ওরফে অপূর্বকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। সাজিবুল স্থানীয় তাজুল ইসলামের (৩৮) সহযোগী। আদালত সাজিবুলকে প্রথমে এক দিন এবং পরে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে বিরিশিরি ইউনিয়নের তেলুনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির কাছে একটি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শরীরে ছয়টি গুলি করা হয়েছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানিয়েছে, জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।