ডেইলি বাংলাগ্রাম

ইশরাককে পুনর্বহাল অথবা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী করার দাবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্বে বহাল রাখার দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা।

ইশরাককে পুনর্বহাল অথবা শহীদ পরিবার থেকে প্রতিমন্ত্রী করার দাবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্বে বহাল রাখার দাবি জানিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা। তাঁকে পদে ফিরিয়ে আনা সম্ভব না হলে শহীদ পরিবার বা আহতদের মধ্য থেকে যোগ্য কাউকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তাঁরা। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

‘জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার, আহত ও যোদ্ধাবৃন্দ’ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্যে জানানো হয়, দায়িত্বে আসার পর থেকে ইশরাক হোসেন শহীদ পরিবার ও আহতদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করছিলেন। তাঁর পদত্যাগের কারণে এসব উদ্যোগ স্থবির হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়াতে তাঁকে পুনর্বহাল করা কিংবা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অভিজ্ঞ কোনো ব্যক্তিকে এ পদে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ রমিজ উদ্দিন আহমেদের বাবা এ কে এম রকিবুল আহমেদ এবং আহত যোদ্ধা ওবায়দুল হক। তাঁরা জানান, শহীদদের কবরস্থান স্থায়ী করাসহ নানা সমস্যা সমাধানে ইশরাক হোসেন আন্তরিক ছিলেন। সংবাদ সম্মেলনে শহীদ ও আহত পরিবারের প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে শহীদ নুর হোসেনের মা নুরন্নাহার এবং জুলাই যোদ্ধা ইমরান হোসেনসহ অনেকে অংশ নেন।