সৌদিতে হুথি হামলা বন্ধে ইরানের সহায়তা চাইলেন পাকিস্তানের সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির তেহরান সফরে গিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির তেহরান সফরে গিয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি এই হামলা থামাতে ইরানকে তাদের প্রভাব কাজে লাগানোর অনুরোধ করেন। মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিসহ একটি প্রতিনিধিদল নিয়ে তিনি ইরানে পৌঁছান। বৈঠকে তিনি জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যৌথ প্রতিরোধের জন্য দুটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এর মধ্যে গত ৭ আগস্ট তুরস্কসহ স্বাক্ষরিত মক্কা চুক্তির আওতায় যেকোনো এক দেশের ওপর আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তানের আহ্বানের জবাবে ইরান জানায়, তারা মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তার চায় না। একই সঙ্গে তারা হুথি ও রিয়াদের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে। এদিকে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সৌদি আরবকে রক্ষায় তারা দেশটিকে প্রয়োজনীয় সব সহায়তা দিচ্ছে।
সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্থগিত আলোচনা পুনরায় শুরুর বিষয়েও কথা বলেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে আলোচনা করেন। ইরানি নেতারা জানান, নতুন কোনো আলোচনার আগে ওয়াশিংটনকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরতে হবে। তবে দুই পক্ষই মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ যোগাযোগ চালিয়ে যেতে সম্মত হয়েছে।