ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়াই লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই; সবার বড় পরিচয় আমরা সবাই বাংলাদেশি।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই; সবার বড় পরিচয় আমরা সবাই বাংলাদেশি। ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়াই বিএনপির মূল আদর্শ। মঙ্গলবার টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী জানান, দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে এবার সরকারি নজরদারি ও বরাদ্দ বাড়ানো হয়েছে। তিনি উল্লেখ করেন, একই দিনে প্রধানমন্ত্রী তিনটি বিভাগের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন। ক্ষমতাচ্যুত অপশক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, জনগণ সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্তই সফল হবে না। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে কেন্দ্র করে সারা দেশে মাদকবিরোধী অভিযান চলবে এবং দলীয় কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না। সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা ও ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান শহরের ছোট ও বড় কালীবাড়িসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।