ডেইলি বাংলাগ্রাম

পূজায় রেকর্ড বরাদ্দ ও ছুটি নিশ্চিত করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে এবারের পূজায় সর্বোচ্চ বরাদ্দ এবং সর্বোচ্চ ছুটি নিশ্চিত করেছে।

পূজায় রেকর্ড বরাদ্দ ও ছুটি নিশ্চিত করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার মাত্র আট মাসের মধ্যে এবারের পূজায় সর্বোচ্চ বরাদ্দ এবং সর্বোচ্চ ছুটি নিশ্চিত করেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরের রহমতগঞ্জে জেএম সেন হল পূজামণ্ডপে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি জানান, অতীতের বঞ্চনা দূর করে জনগণের আস্থার প্রতিদান দিতেই সরকার এই পদক্ষেপ বাস্তবায়ন করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বৈষম্যহীন রাষ্ট্র গঠনের ওপর জোর দেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সম্প্রীতির এক বাংলাদেশ চেয়েছিলেন। তিনি আইনিভাবে কাউকে সম্প্রদায় বা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করার বিপক্ষে মত প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, সনাতন, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। একইভাবে ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানেও সব ধর্মের মানুষ রক্ত দিয়েছেন এবং তাঁদের সবার একমাত্র পরিচয় বাংলাদেশি নাগরিক।

তিনি আরও বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে গড়ে ওঠা এই নতুন সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতীতে যারা একটি সম্প্রদায়কে ভোটব্যাংক হিসেবে দেখেছে এবং প্রতিবেশী দেশের ওপর ভর করে ক্ষমতায় থাকার রাজনীতি করেছে, সরকার সেই ধারায় বিশ্বাস করে না। জনগণ সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিয়েছে বলেই সরকার প্রতিশ্রুতির অংশ হিসেবে পূজায় সর্বোচ্চ সুযোগ-সুবিধা বাস্তবায়ন শুরু করেছে।