ডেইলি বাংলাগ্রাম

হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ ও আলজেরিয়ার চুক্তি

জ্বালানি নিরাপত্তা জোরদারে আলজেরিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

হাইড্রোকার্বন খাতে সহযোগিতায় বাংলাদেশ ও আলজেরিয়ার চুক্তি

জ্বালানি নিরাপত্তা জোরদারে আলজেরিয়ার সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ অক্টোবর) হাইড্রোকার্বন খাতে যৌথ সহযোগিতার লক্ষ্যে এই চুক্তি হয়। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বন মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ দেশের পক্ষে এতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির সুযোগ তৈরি হলো। বৈঠকে বাংলাদেশে তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধান এবং এলএনজি ও এলপিজি অবকাঠামো উন্নয়ন নিয়েও কথা হয়। এ ছাড়া দেশটির প্রযুক্তিগত দক্ষতা অর্জনে বাংলাদেশের প্রকৌশলী ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের আহ্বান জানান ইকবাল হাসান মাহমুদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল হুদাও উপস্থিত ছিলেন।

একই দিনে আলজেরিয়ার খনিমন্ত্রী মুরাদ হানাফি এবং জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী মুরাদ আদজাল বাংলাদেশের জ্বালানি মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সার ও অভিজ্ঞতা বিনিময়ের নানা দিক নিয়ে আলোচনা হয়। এর আগে ১৯ অক্টোবর আলজিয়ার্সের হৌয়ারি বুমাদিয়েন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইকবাল হাসান মাহমুদকে অভ্যর্থনা জানান মোহামেদ আরকাব।