ডেইলি বাংলাগ্রাম

টাইগার শ্রফের ওপর হামলার আগে অমিতাভ-সালমানদের বাড়ি রেকি করেছিল শুটাররা

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর আগে অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের বাড়ি রেকি করেছিল হামলাকারীরা।

টাইগার শ্রফের ওপর হামলার আগে অমিতাভ-সালমানদের বাড়ি রেকি করেছিল শুটাররা

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর আগে অমিতাভ বচ্চন, সালমান খান, আমির খান ও অক্ষয় কুমারের বাড়ি রেকি করেছিল হামলাকারীরা। ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগারের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হলেও তিনি অক্ষত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চলচ্চিত্র জগতে আতঙ্ক ছড়াতে এবং তুলনামূলক কম নিরাপত্তার তারকাকে নিশানা বানাতেই অভিযুক্তরা এই নজরদারি চালিয়েছিল।

তদন্তে উঠে এসেছে, ছবি তোলার নাম করে অটোরিকশায় চড়ে অভিযুক্তরা বিভিন্ন তারকার বাড়ির সামনে যায়। এক চালকের কাছ থেকেই তারা জানতে পারে যে টাইগার শ্রফ প্রতি রবিবার জুহুর একটি মাঠে ফুটবল খেলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের পোস্ট করা ভিডিও দেখে টাইগারের গতিবিধি এবং কোনো পুলিশি নিরাপত্তা না থাকার বিষয়টি নিশ্চিত হয় তারা। এরপর ১১ অক্টোবর ওই মাঠে গিয়ে টাইগারকে না পেয়ে ১৮ অক্টোবর আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে আসে এবং গাড়িতে গুলি চালায়।

এই ঘটনায় দিল্লি পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। হামলার কয়েক ঘণ্টার মধ্যে লরেন্স বিষ্ণোই গ্যাং সামাজিক যোগাযোগমাধ্যমে এর দায় স্বীকার করে। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, হামলায় ব্যবহৃত একটি বিদেশি ও একটি দেশি পিস্তল অভিযুক্তরা মুম্বাই ছাড়ার সময় ফেলে দেয়, যা উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া হরিয়ানা থেকে মুম্বাইয়ে এসে রেকি করে ফিরে যাওয়া অন্য ব্যক্তিদের ভূমিকাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।