ডেইলি বাংলাগ্রাম

পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি সামরিক উড়োজাহাজে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতারা ছাড়াও সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রয়েছেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যাবেন। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন এবং মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর তাঁর বিএনপির একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের নির্ধারিত এসব কর্মসূচি শেষ করে রাতেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর হয়ে রংপুরে যান প্রধানমন্ত্রী। পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভা করেন এবং রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরে বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়ে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন তিনি। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ ঘুরে দেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।