দয়াগঞ্জের সেই মাদক আস্তানায় পুলিশের অভিযান, আটক ৩
রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গেন্ডারিয়া থানা-পুলিশ সেখানে এই অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা সবাই মাদকসেবী এবং তাঁদের কাছ থেকে গাঁজাসহ মাদক গ্রহণের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই স্পটটিতেই অস্ত্র হাতে অভিযান চালিয়ে সমালোচনার মুখে সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পুলিশ জানায়, সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির যৌথ অভিযানে ১৫ জনকে আটক এবং অবৈধ ঝুপড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও মঙ্গলবার সকালে সেখানে আবারও মাদক বিক্রি ও সেবনের খবর পায় পুলিশ। অভিযান শুরু হলে অনেকে পালিয়ে গেলেও তিনজনকে ধরা হয়। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, এলাকাটিতে ভাসমান মাদকসেবীদের আনাগোনা বেশি হওয়ায় স্থায়ী সমাধান কঠিন হচ্ছে। তবে পূজা শেষ হলে সেখানে বিশেষ অভিযান চালানো হবে এবং দরকার পড়লে স্থায়ীভাবে পুলিশ মোতায়েন করা হবে।
এর আগে গত শনিবার নিজের সহযোগীদের নিয়ে ওই এলাকায় ব্যক্তিগতভাবে অভিযান চালান মুক্তিযুদ্ধবিষয়ক তৎকালীন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সে সময় তাঁর অস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। এই ঘটনার জেরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রোববার পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। এরপর সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।