ডেইলি বাংলাগ্রাম

মণিপুরে তিন গ্রামবাসী নিহত: পাঁচ উপত্যকা জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটে স্থবির জনজীবন

মণিপুরের কাংপোকপি জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় মেইতেই সম্প্রদায়ের তিন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় রাজ্যটির পাঁচটি উপত্যকা জেলায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে।

মণিপুরে তিন গ্রামবাসী নিহত: পাঁচ উপত্যকা জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটে স্থবির জনজীবন

মণিপুরের কাংপোকপি জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় মেইতেই সম্প্রদায়ের তিন গ্রামবাসী নিহত হওয়ার ঘটনায় রাজ্যটির পাঁচটি উপত্যকা জেলায় চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘নেটিভ পিপল কমিটি মণিপুর’ (এনপিসিএম)-এর ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে মঙ্গলবার সকাল থেকেই স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

ধর্মঘটের কারণে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় সব ধরনের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ ছিল। সড়কগুলোতে গণপরিবহন চলাচল করেনি এবং ব্যক্তিগত যানবাহনের উপস্থিতিও ছিল খুবই কম। সোমবার রাতে ও মঙ্গলবার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষুব্ধ জনতা।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার কাংপোকপি জেলার খংবাল তাংখুল এলাকায় প্রায় ১৪ জন গ্রামবাসী জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন নিহত হন এবং চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় জড়িতদের শনাক্ত করতে সেনাবাহিনী, আসাম রাইফেলস, সিআরপিএফ ও বিএসএফ-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে মণিপুর পুলিশ।