ডেইলি বাংলাগ্রাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামে ছাত্রশিবিরের এক সম্মেলনে তিনি বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে খোদ একজন প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা কক্সবাজারে এক দিনেই ৫০টি ট্রাকে ডাকাতি হয়েছে। নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ন্ত্রণে মনোযোগ না দিয়ে সরকার বিরোধী দলকে দমন করতে ব্যস্ত রয়েছে বলেও তিনি দাবি করেন।

বক্তব্যে তিনি জুলাই অভ্যুত্থান ও বিগত সরকারের সময়ের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত আকাক্সক্ষা এখনো পূরণ হয়নি এবং ছাত্র-জনতা কোনো লুটেরা বা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি। জামায়াত নেতাদের প্রতি অবিচারের অভিযোগ করে তিনি জানান, তাদের দলের ১২ জন নেতার মধ্যে ১১ জনকে বিনাদোষে ফাঁসি দেওয়া হয়েছে এবং এটিএম আজহার নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে খালাস পেয়েছেন। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন দলের হুমকির সমালোচনা করেন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এর আগে মঙ্গলবার সকাল ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে চকবাজারের সাফা অর্কিডে দলীয় দায়িত্বশীলদের সমাবেশে যোগ দেন জামায়াত আমির। পরে জিইসি কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে মূল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, মুহাম্মদ শাহজাহান এবং সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।