ডেইলি বাংলাগ্রাম

সুদান-দক্ষিণ সুদান সীমান্ত অঞ্চলে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৩

সুদান ও দক্ষিণ সুদান সীমান্তবর্তী বিরোধপূর্ণ আবিয়ে অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন।

সুদান-দক্ষিণ সুদান সীমান্ত অঞ্চলে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৩

সুদান ও দক্ষিণ সুদান সীমান্তবর্তী বিরোধপূর্ণ আবিয়ে অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। সোমবার ঘটা এই হামলায় আরও ১৯ জন আহত হন। অঞ্চলটির তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী ইয়োহানা আকোল এনগোর মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করলেও কোনো প্রমাণ দেখাতে পারেননি।

হামলার ঘটনার পর দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুদানের রাষ্ট্রদূতকে তলব করেছে। তারা বেসামরিক নাগরিকদের নিরাপত্তা ও অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে। এদিকে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেদসাঁ সঁ ফ্রমতিয়ে (এমএসএফ) জানিয়েছে, তারা পাশের আমেথ বেক হাসপাতালে ২০ জনের বেশি আহতের চিকিৎসা দিচ্ছে। সংস্থাটির কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং অনেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে।

তেলসমৃদ্ধ আবিয়ে অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদান যৌথভাবে পরিচালনা করে এবং উভয় দেশই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে। এর আগে গত বছর সেখানে একটি জাতিসংঘ ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছিলেন। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে, যার প্রভাব সীমান্ত এলাকাতেও ছড়িয়ে পড়ছে।