ডেইলি বাংলাগ্রাম

কুর্দিস্তানে দুই তেল কোম্পানির ৬০ কোটি ডলারের একত্রীকরণ চুক্তি

যুক্তরাজ্যের তালিকাভুক্ত গালফ কিস্টোন পেট্রোলিয়াম এবং নরওয়ের শামারান পেট্রোলিয়াম একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কুর্দিস্তানে দুই তেল কোম্পানির ৬০ কোটি ডলারের একত্রীকরণ চুক্তি

যুক্তরাজ্যের তালিকাভুক্ত গালফ কিস্টোন পেট্রোলিয়াম এবং নরওয়ের শামারান পেট্রোলিয়াম একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার ৬০ কোটি ১০ লাখ ডলারের একটি সর্ব-শেয়ার চুক্তির বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এর মধ্য দিয়ে ইরাকের তেলসমৃদ্ধ কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান গড়ে উঠবে।

চুক্তির শর্ত অনুযায়ী, শামারানের প্রতিটি শেয়ারের বিপরীতে এর শেয়ারধারীরা গালফ কিস্টোনের ০.০৭৫৩৩৯৫৮টি শেয়ার পাবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সম্মিলিত নতুন কোম্পানিতে উভয় প্রতিষ্ঠানের শেয়ারধারীদের ৫০ শতাংশ করে অংশীদারি থাকবে। এছাড়া গালফ কিস্টোন তাদের প্রাথমিক তালিকাভুক্তি লন্ডনের বাজার থেকে ইউরোনেক্সট ওসলো বোর্সের মূল তালিকায় স্থানান্তরের পরিকল্পনা করেছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ওই অঞ্চলকেন্দ্রিক জ্বালানি কোম্পানিগুলোর মধ্যে ব্যবসায়িক চুক্তি বাড়ছে। এমন পরিস্থিতিতে এই একত্রীকরণ হচ্ছে। একই সময়ে ক্যাপরিকর্ন এনার্জি কেনার জন্য নরওয়ের ডিএনও-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে জেনেল এনার্জি। গালফ কিস্টোন, শামারান, জেনেল ও ডিএনও—প্রতিটি কোম্পানিই কুর্দিস্তানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।