ডেইলি বাংলাগ্রাম

কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত বেড়ে ১৪

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনিয়ো বিভাগে একটি উন্মুক্ত সোনার খনি ধসে অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

কলম্বিয়ায় সোনার খনি ধসে নিহত বেড়ে ১৪

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নারিনিয়ো বিভাগে একটি উন্মুক্ত সোনার খনি ধসে অন্তত ১৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলের সান্তা বারবারা দে ইসকুয়ানদে পৌরসভার ইসকুয়ানদে নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তথ্যে নয়জনের মৃত্যুর কথা বলা হলেও পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায়।

নারিনিয়োর শান্তি ও মানবাধিকার বিষয়ক কর্মকর্তা অ্যালেক্স গঞ্জালেস নিশ্চিত করেছেন যে সান্তা বারবারা দে ইসকুয়ানদে থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য একটি মরদেহ পার্শ্ববর্তী কাউকা বিভাগের গুয়াপি পৌরসভায় শনাক্ত করা হয়। তিনি জানান, খনির একটি অংশ ধসে পড়লে শ্রমিকরা মাটির নিচে চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে সেনাবাহিনীর সহায়তায় উন্নত চিকিৎসার জন্য আকাশপথে তুমাকোতে নেওয়া হয়েছে। নিখোঁজ আর কেউ না থাকায় উদ্ধার তৎপরতার সমাপ্তি টানা হয়েছে।

ইসকুয়ানদে নদী অববাহিকা কমিউনিটি কাউন্সিলের অন্তর্গত এলাকায় খনিটি অবস্থিত। এই ঘটনার পর জাতিসংঘ মানবাধিকার সংস্থা আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। একই সাথে কোনো ধরনের নিরাপত্তা ছাড়া পরিচালিত ঝুঁকিপূর্ণ অবৈধ খনি কার্যক্রমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ও প্রতিরোধের তাগিদ দিয়েছে সংস্থাটি।