সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য না জানানোর বিষয়ে ব্যাখ্যা চাইল ঢাকা
সৌদি আরবে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কোনো তথ্য জানানো হয়নি।
সৌদি আরবে নজরুল ইসলাম ও সুইটি আক্তার নামের দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে কোনো তথ্য জানানো হয়নি। দেশটির পাঠানো বন্দিতালিকায় তাঁদের নাম থাকলেও সাজার বিষয়ে কিছু উল্লেখ ছিল না। এ ঘটনায় মামলার বিস্তারিত বিবরণ ও বিচারিক প্রক্রিয়া জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে আবারও কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
গত ১৯ অক্টোবর জেদ্দায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ফরিদ বিন সাদ আল সেহেরির সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। বৈঠকে তিনি জানতে চান, বন্দিতালিকায় অপরাধের কথা থাকলেও মৃত্যুদণ্ডের বিষয়টি কেন জানানো হয়নি। আগে জানা থাকলে মিশন তাঁদের আইনি সুরক্ষায় পদক্ষেপ নিতে পারত। তবে সৌদি কর্মকর্তা এ বিষয়ে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। চিঠিতে দণ্ডপ্রাপ্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছিলেন কি না, তাও জানতে চাওয়া হয়েছে।
এর আগে ১৮ অক্টোবর জেদ্দা মিশন ঢাকায় জানায়, দেশটিতে সাইবার অপরাধ বা ব্যভিচারের অভিযোগে এর আগে কোনো বাংলাদেশির মৃত্যুদণ্ড হয়নি। সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে চারিত্রিক স্খলনের অভিযোগে ৩০৬ জন বাংলাদেশি আটক আছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনকে এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মক্কায় সাইবার অপরাধের তিনটি মামলায় তিন বাংলাদেশিকে ছয় মাস থেকে পাঁচ বছরের সাজা দেওয়া হয়।