ডেইলি বাংলাগ্রাম

প্রধানমন্ত্রী দিনে মাত্র চার ঘণ্টা ঘুমান: আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

প্রধানমন্ত্রী দিনে মাত্র চার ঘণ্টা ঘুমান: আইনমন্ত্রী আসাদুজ্জামান

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন মাত্র চার ঘণ্টা ঘুমান বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর কাজ শুরু করে প্রায় শেষ রাত পর্যন্ত দায়িত্ব পালন করে থাকেন। একই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। এদিন তিনি ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান উপস্থিত ছিলেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আইনমন্ত্রী বলেন, অতীতের চেয়ে আরও সুষ্ঠু ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। যথাসময়ে এসব বিষয় জানানো হবে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ বিষয়ে তিনি মন্তব্য করেন, কেউ জনআকাঙ্ক্ষার বাইরে কাজ করলে প্রধানমন্ত্রী চূড়ান্ত পদক্ষেপ নেবেন এবং কেউই আইনের ঊর্ধ্বে নন। বিসিআইসির সার ডিলার নিয়োগের বিষয়ে তিনি জানান, কোনো অনিয়মের তথ্য তাঁর কাছে নেই। সার বরাদ্দ ও ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকার পুরোপুরি আইনি নিয়ম মেনে চলছে।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী। সভায় চিকিৎসার মান বৃদ্ধি, জনবল সংকট দূরীকরণ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকূপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।