ইউপি নির্বাচন: ৫ নভেম্বরের মধ্যে ভোটার পরিবর্তনের আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাঠানো হয়। আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় অন্তর্ভুক্ত ভোটাররাই কেবল স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্দেশনা অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার এলাকা বদলের আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম এবং যারা চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে যুক্ত হবেন, তাদের নিয়েই তালিকা চূড়ান্ত হবে। এ লক্ষ্যে ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে দাবি ও আপত্তি বিবেচনা শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন।
ইসির তথ্য অনুযায়ী, আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোটগ্রহণ ২৭ মে অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তারা এই ধাপগুলোর তফসিল ঘোষণা করবেন। এর আগে নভেম্বরে নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে যাওয়ায় কমিশন দেশজুড়ে আবারও ভোটার স্থানান্তর কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়।