নির্দিষ্ট সময়ে আঙুলের ছাপ না দিলে বাতিল হবে ভোটার আবেদন
অনলাইনে ভোটার হওয়ার আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক না দিলে সেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
অনলাইনে ভোটার হওয়ার আবেদন করার পর নির্ধারিত সময়ের মধ্যে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক না দিলে সেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই নিয়ম কার্যকর করতে নির্বাচন কমিশন (ইসি) স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি কমিশনের মাসিক সমন্বয় সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আবেদনকারী নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হলে সিস্টেম যেন নিজে থেকেই আবেদনটি বাতিল করে দেয়, সেজন্য ইসি সচিব আখতার আহমেদ সিস্টেম ম্যানেজারকে নির্দেশ দিয়েছেন। এর ফলে সময় পেরিয়ে যাওয়া অসম্পূর্ণ আবেদনগুলো কেন্দ্রীয়ভাবে বাদ পড়ে যাবে।
এদিকে মাঠপর্যায়ের নির্বাচন অফিসগুলোতে ২০১২ সাল থেকে সংরক্ষিত ও স্ক্যান করা ভোটার নিবন্ধন ‘ফরম-২’ এবং গুদামের অপ্রয়োজনীয় মালামাল আগামী ৩১ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রক্ষিত ফরম-২ আগের নিয়মেই সংরক্ষণ করতে হবে। এছাড়া বাতিল করা কাগজপত্র দিয়ে মণ্ড তৈরির বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে কমিশন।