কম্বোডিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি
কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন।
কম্বোডিয়ার ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে আটক থাকা ৩০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
গত ৩ সেপ্টেম্বর কম্বোডিয়ার রাজধানী নমপেন বিমানবন্দর থেকে দেশে ফেরার সময় দেশটির অভিবাসন পুলিশ ৩২ জন বাংলাদেশিকে আটক করে। পরবর্তীতে দুজন মুক্তি পেলেও বাকি ৩০ জনকে বন্দিশিবিরে আটকে রাখা হয়। জানা গেছে, ভালো বেতনের প্রলোভন দেখিয়ে দালাল চক্র তাদের কম্বোডিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ করানো হতো। সেখান থেকে পালানোর চেষ্টা করলে ভুক্তভোগীদের ওপর নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ রয়েছে।
গত ১৪ অক্টোবর যমুনা টেলিভিশনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়। বিষয়টি নজরে আসার পর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাদের ছাড়িয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের দেশে ফিরিয়ে আনে।