নাটোরে সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুতে জামায়াত নেতার শোক
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। নাটোর-পাবনা মহাসড়কে মঙ্গলবার ভোরে ঘটা এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দেওয়া এক বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানান এই জামায়াত নেতা।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সড়কে ক্রমাগত প্রাণহানি ঘটছে। দুর্ঘটনা প্রতিরোধে সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন, অদক্ষ চালক ও মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ এবং সড়ক পরিবহন খাতের সিন্ডিকেট ভেঙে ফেলার ওপর তিনি জোর দেন।