ডেইলি বাংলাগ্রাম

ওআইসির সাইবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের কাউন্সিল গঠিত, সদর দপ্তর হবে রিয়াদে

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো সাইবার নিরাপত্তা বিষয়ক একটি মন্ত্রী পর্যায়ের কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছে।

ওআইসির সাইবার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের কাউন্সিল গঠিত, সদর দপ্তর হবে রিয়াদে

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য রাষ্ট্রগুলো সাইবার নিরাপত্তা বিষয়ক একটি মন্ত্রী পর্যায়ের কাউন্সিল গঠনের অনুমোদন দিয়েছে। সৌদি আরবের দেওয়া প্রস্তাবের ভিত্তিতে পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই কাউন্সিলের সাধারণ সচিবালয় ও নির্বাহী কার্যালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে স্থাপন করা হবে। আয়োজক দেশের একজন প্রতিনিধি এই কার্যালয়গুলোর নেতৃত্ব দেবেন।

কাউন্সিলটি ওআইসির সহযোগী সংস্থা হিসেবে সাইবার নিরাপত্তা সংক্রান্ত প্রধান কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে। এর মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। পাশাপাশি তাদের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোও এর উদ্দেশ্য। ওআইসির ৫৭টি সদস্য দেশের সাইবার নিরাপত্তা কর্তৃপক্ষগুলোকে নিয়ে এই কাউন্সিল পরিচালিত হবে।

সৌদি ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটির গভর্নর মাজেদ আল-মাজেদ জানান, বিশ্বব্যাপী সাইবার হুমকি বেড়ে যাওয়ায় এই প্রস্তাব দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি পরিষেবা নিরাপদ রাখতে এই উদ্যোগ ভূমিকা রাখবে। তিনি বলেন, রিয়াদকে সদর দপ্তর নির্বাচন করায় আন্তর্জাতিক পরিসরে সৌদি আরবের নেতৃত্বের ওপর মুসলিম বিশ্বের আস্থার প্রতিফলন ঘটেছে। দেশটি এর আগেও গ্লোবাল সাইবার সিকিউরিটি ফোরাম এবং আরব সাইবার সিকিউরিটি মিনিস্টার্স কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে।