ডেইলি বাংলাগ্রাম

বসরা-আকাবা তেল পাইপলাইন বাস্তবায়নে জোর জর্ডান ও ইরাকের

বসরা-আকাবা তেল পাইপলাইন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি।

বসরা-আকাবা তেল পাইপলাইন বাস্তবায়নে জোর জর্ডান ও ইরাকের

বসরা-আকাবা তেল পাইপলাইন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি। সোমবার দুই নেতার মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। এতে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই প্রকল্পটি চালু হলে হরমুজ প্রণালী এড়িয়ে পারস্য উপসাগরীয় উপকূলের বসরা থেকে দক্ষিণ জর্ডানের আকাবা বন্দরে সরাসরি তেল পরিবহন করা যাবে।

এর আগে গত ৭ জুন আম্মান সফরের সময় ইরাকি পার্লামেন্টের স্পিকার হাইবাত আল-হালবুসি এই পাইপলাইনকে ইরাকের জন্য ‘কৌশলগত বিকল্প’ হিসেবে উল্লেখ করেন। ২০১২ সালের এপ্রিলে ১ হাজার ৭০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি তৈরির জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছিল দুই দেশ। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার এবং এর মাধ্যমে দিনে ১০ লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা থাকবে। এছাড়া প্রকল্পে ৭০ লাখ ব্যারেল ধারণক্ষমতার সংরক্ষণাগার এবং একটি রপ্তানি টার্মিনাল অন্তর্ভুক্ত রয়েছে। এটি চালু হলে জর্ডান প্রতিদিন প্রায় ১ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পাবে।

এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ইরাকের প্রায় ৬ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে বলে গত সপ্তাহে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। এই সংকটের আগে ইরাক দিনে প্রায় ৪০ লাখ ব্যারেল তেল উৎপাদন করত এবং রপ্তানি করত প্রায় ৩৫ লাখ ব্যারেল, যার বড় অংশই হরমুজ প্রণালী দিয়ে পাঠানো হতো। সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরাকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২ হাজার কোটি ডলার কমে গেছে এবং দেশটিতে পণ্যের দামও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।