ডেইলি বাংলাগ্রাম

উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫টি সরকারি জলমহাল ইজারার অনুমোদন

উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছর মেয়াদে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫টি সরকারি জলমহাল ইজারার অনুমোদন

উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছর মেয়াদে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার (১৯ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে জলমহাল ইজারা সংক্রান্ত কমিটির ৯২তম সভায় এই অনুমোদন মেলে। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি উন্মুক্ত ও অনলাইন পদ্ধতির মাধ্যমে প্রকৃত মৎস্যজীবীদের সুযোগ দেওয়ার কথা উল্লেখ করে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রান্তিক মৎস্যজীবীদের স্বার্থ সুরক্ষায় সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা বাড়াতে মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। কোনো অন্যায় তদবির বিবেচনা না করে সঠিকভাবে জলমহাল ইজারার সুপারিশ পাঠাতে তিনি জেলা প্রশাসকদের নির্দেশ দেন। বৈঠকে ২০ একরের বেশি আয়তনের ৩৪টি জলমহালের প্রস্তাব তোলা হয়। এর মধ্যে মৌলভীবাজারের ১১টি, সিলেটের ১৯টি, কুষ্টিয়ার ৩টি ও রংপুরের ১টি জলমহাল ছিল। এছাড়া বরিশালের দুর্গাসাগর দিঘি, চাঁপাইনবাবগঞ্জের বিল চুড়ইল, হবিগঞ্জের বিল সুতী নদী এবং নিমগাছি প্রকল্পের ৭৭৯টি পুকুরের মেয়াদ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়।

নথিপত্র যাচাই শেষে কমিটি ২৫টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সভায় ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং সায়রাত অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া মৌলভীবাজার, সিলেট, রংপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জ জেলার জেলা প্রশাসকরা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।