রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্য কাজ করছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্য কাজ করছে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি ও সাহেব বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। হাইকমিশনার জানান, মিয়ানমারে ফিরে যাওয়ার মতো অনুকূল পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যাতে নিজ ভূমিতে ফিরতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্যের সহায়তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, গত নয় বছরে যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য ৪৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ বরাদ্দ করেছে। সংকট সমাধানে যুক্তরাজ্য সবসময় বাংলাদেশের পাশে রয়েছে। পাশাপাশি দুই দেশের দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্বের কথা উল্লেখ করে সারাহ কুক বলেন, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান তৈরিতে উভয় দেশ একযোগে কাজ করছে। যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি এই সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
পূজার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার জানান, কুমুদিনীর পূজায় এটি তার তৃতীয়বারের মতো আসা এবং এখানকার বর্ণিল উৎসব তাকে গভীরভাবে মুগ্ধ করে। এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় এবং তিনি কুমুদিনী লাইব্রেরি ঘুরে দেখেন। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তাকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়।