ডেইলি বাংলাগ্রাম

সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার সংখ্যালঘু ধারণায় বিশ্বাস করে না এবং দেশের সব নাগরিক সমঅধিকার নিয়ে বসবাস করবে।

সব ধর্মের মানুষ সমঅধিকার নিয়ে বাঁচবে: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার সংখ্যালঘু ধারণায় বিশ্বাস করে না এবং দেশের সব নাগরিক সমঅধিকার নিয়ে বসবাস করবে। সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সাহাপাড়া দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকলে সব ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে নিজ নিজ উৎসব উদযাপনের সুযোগ পায়।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের প্রতিকূল সময়ের পর মানুষ এখন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে। গত ফেব্রুয়ারি মাসে বিপুল ভোটে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করার ফলে দেশে এখন গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। সরকার ১৮ কোটি মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। গত বছর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির কর্মীরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছিলেন বলেও তিনি উল্লেখ করেন।

মণ্ডপ পরিদর্শনের সময় সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম ও মিরান হোসেন এবং সদস্যসচিব এনায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।